জাহাজে নাবিকেরা ‘বাঁ’ বা ‘ডান’ বলেন না। বলেন ‘পোর্ট’ আর ‘স্টারবোর্ড’। কেন? উত্তর লুকিয়ে আছে প্রাচীন নৌকার হাল ধরার বৈঠায়।
পোর্ট আর স্টারবোর্ড মানে কী
জাহাজের সামনের দিক (বো) মুখ করে দাঁড়ালে বাঁ পাশ পোর্ট, ডান পাশ স্টারবোর্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডল প্রশাসন (NOAA) বলছে, এ দুটি জাহাজের স্থির অবস্থান; নাবিক কোন দিকে মুখ করে আছেন, তাতে বদলায় না। ‘বাঁ-ডান’ বললে যে বিভ্রান্তি হতে পারে, তা এড়াতেই এই শব্দ।
স্টারবোর্ড: ‘হাল ধরার দিক’
প্রাচীন নৌকায় মাঝ বরাবর রাডার ছিল না; পেছনের দিকে একটি বড় বৈঠা দিয়ে নৌকা চালানো হতো। বেশির ভাগ নাবিক ডানহাতি ছিলেন বলে বৈঠাটি থাকত পেছনের ডান পাশে। সেই দিকটিই হয়ে যায় ‘হাল ধরার দিক’। পুরোনো ইংরেজি শব্দ stéor (হাল ধরা) আর bord (নৌকার পাশ) থেকে এসেছে ‘স্টারবোর্ড’।
লারবোর্ড থেকে পোর্ট
নৌকা বড় হতে থাকলে বৈঠাও বড় হলো। তখন বৈঠার উল্টো পাশ, অর্থাৎ বাঁ দিক ঘাটে ভেড়ানো সহজ ছিল। এই পাশের নাম হয় ‘লারবোর্ড’, মানে মালামাল তোলার দিক। কিন্তু ‘লারবোর্ড’ আর ‘স্টারবোর্ড’ শুনতে প্রায় একই রকম, ফলে ভুল বোঝার ঝুঁকি ছিল। তাই লারবোর্ডের বদলে আসে ‘পোর্ট’; এই পাশটিই বন্দরের দিকে থাকত, যেখান থেকে রসদ তোলা হতো।
রাতে চেনা যায় আলোর রঙে
সমুদ্রে সংঘর্ষ এড়ানোর আন্তর্জাতিক বিধিমালা (COLREG, বিধি ২১) অনুযায়ী জাহাজের স্টারবোর্ড পাশে থাকে সবুজ আলো, পোর্ট পাশে লাল। মনে রাখার একটি সহজ কৌশল: ইংরেজিতে ‘port’ আর ‘left’ দুটিই চার অক্ষরের শব্দ।
সাগরে নিরাপত্তা নিয়ে আরও পড়ুন: জাহাজ থেকে কেউ সাগরে পড়লে নাবিকেরা কী করেন? ম্যান ওভারবোর্ডের ৭ ধাপ
সূত্র: NOAA ওশান সার্ভিস; দ্য মেরিটাইম এক্সিকিউটিভ; আইএমও COLREG বিধি ২১; মেরিন ইনসাইট। ছবি: PPD / পাবলিক ডোমেইন (প্রতীকী)।










