জানেন কি? আজকের বিশাল কনটেইনার জাহাজের যাত্রা শুরু হয়েছিল একটা পুরোনো তেলের ট্যাংকার থেকে। ১৯৫৬ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পোর্ট নিউয়ার্ক থেকে ৫৮টি ধাতব কনটেইনার নিয়ে রওনা দেয় “আইডিয়াল এক্স” (Ideal X) নামের জাহাজটি। এই বছর সেই যাত্রার ৭০ বছর পূর্ণ হলো।
ট্রাক ব্যবসায়ীর বুদ্ধি
পোর্ট অব হিউস্টনের তথ্য অনুযায়ী, আইডিয়াল এক্স ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি তেলের ট্যাংকার, যাকে বদলে কনটেইনার বহনের উপযোগী করা হয়েছিল। এর পেছনে ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রাক ব্যবসায়ী ম্যালকম ম্যাকলিন। তাঁর ভাবনা ছিল সহজ: মাল আলাদা আলাদা করে ওঠানো-নামানোর বদলে পুরো ট্রাকের বাক্সটাই জাহাজে তুলে দিলে কেমন হয়?
পাঁচ দিন পর জাহাজটি টেক্সাসের হিউস্টন বন্দরে পৌঁছায়। ট্রান্সপোর্ট জিওগ্রাফি গবেষণা সাইটের তথ্যমতে, কনটেইনারের পাশাপাশি জাহাজটি সাধারণ মাল হিসেবে ১৫ হাজার টন পেট্রোলিয়ামও বহন করছিল।
৩৫ ফুটের বাক্স
প্রথম কনটেইনারগুলো ছিল ৩৫ ফুট লম্বা, ৮ ফুট চওড়া আর ৮ ফুট উঁচু। কারণ তখন যুক্তরাষ্ট্রে ট্রাকের ট্রেইলারের প্রচলিত মাপ ছিল এটাই। আট ঘণ্টারও কম সময়ে সব কনটেইনার জাহাজে তোলা হয়েছিল।
খরচ কমল ৯৭ শতাংশের বেশি
ট্রান্সপোর্ট জিওগ্রাফির তথ্য অনুযায়ী, ম্যাকলিন হিসাব করেছিলেন, ১৯৫৬ সালে প্রচলিত পদ্ধতিতে মাঝারি আকারের একটি জাহাজে মাল তুলতে খরচ পড়ত টনপ্রতি ৫ দশমিক ৮৩ ডলার। কনটেইনারে সেই খরচ নেমে আসে টনপ্রতি ১৬ সেন্টেরও নিচে। এই হিসাবই পরে বিশ্ববাণিজ্যের চেহারা বদলে দেয়।
পোর্ট অব হিউস্টন বলছে, আইডিয়াল এক্সের ধারণক্ষমতা ছিল ১০০ টিইইউর কিছু বেশি। টিইইউ মানে টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, অর্থাৎ ২০ ফুটের কনটেইনারের সমান মাপ। আজকের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ বহন করে ২৪ হাজার টিইইউর মতো, আর মার্স্ক সম্প্রতি এমন ১২টি জাহাজের অর্ডার দিয়েছে।
সূত্র: পোর্ট অব হিউস্টন (Ideal X); দ্য জিওগ্রাফি অব ট্রান্সপোর্ট সিস্টেমস (transportgeography.org)।










