বড় নৌশক্তিগুলো যখন আরও বড়, বেশি বিদ্যুৎনির্ভর ও প্রযুক্তিতে উন্নত যুদ্ধজাহাজে বিনিয়োগ করছে, তখন বাংলাদেশকে ভবিষ্যতের নৌ-চাহিদা, দেশীয় জাহাজ নির্মাণসক্ষমতা এবং দীর্ঘমেয়াদি সমুদ্র প্রতিরক্ষা কৌশল সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।
বৈশ্বিক নৌযুদ্ধে মৌলিক পরিবর্তন
স্নায়ুযুদ্ধের পর প্রায় তিন দশক ধরে বড় নৌশক্তিগুলো তুলনামূলক ছোট, বহুমুখী ফ্রিগেটের দিকে ঝুঁকেছিল। এসব ফ্রিগেট তৈরি হয়েছিল সমুদ্র নিরাপত্তা, জলদস্যুতা দমন, বাণিজ্যিক জাহাজ সুরক্ষা ও সীমিত অভিযানের জন্য। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা পরিস্থিতি এখন মৌলিকভাবে বদলে যাচ্ছে।
বড় শক্তিগুলোর প্রতিযোগিতার পুনরুত্থান, ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিস্তার, মনুষ্যবিহীন ব্যবস্থার দ্রুত অগ্রগতি এবং ইলেকট্রনিক যুদ্ধের ওপর বাড়তি নির্ভরতা আধুনিক যুদ্ধজাহাজের নকশার দর্শনই বদলে দিচ্ছে।
জাপানের এজিস সিস্টেম ইকুইপড ভেসেল (এএসইভি), দক্ষিণ কোরিয়ার নতুন প্রজন্মের কেডিডিএক্স ডেস্ট্রয়ার, ইতালির ডিডিএক্স ডেস্ট্রয়ার এবং ফ্রান্সের ভবিষ্যৎমুখী এসসিএক্স ২৬ ধারণা (কনসেপ্ট)—এসবের মধ্য দিয়ে উন্নত সারফেস কমব্যাট্যান্টের নতুন প্রজন্ম সামনে আসছে। এটা শুধু জাহাজের আকার (ডিসপ্লেসমেন্ট) বাড়ার বিষয় নয়; নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং, যুদ্ধব্যবস্থা সমন্বয় এবং বহর পরিচালনার দর্শনেই রূপান্তর ঘটছে।
বড় যুদ্ধজাহাজের প্রত্যাবর্তন
লোহিত সাগর ও কৃষ্ণসাগরে সাম্প্রতিক সংঘাত দেখিয়েছে, টানা ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন অস্ত্রের হুমকি কতটা চ্যালেঞ্জিং। বড় প্ল্যাটফর্মে ভেতরের জায়গা ও নমনীয়তা বেশি থাকে, যদিও এতে আর্থিক, প্রকৌশল ও লজিস্টিক চ্যালেঞ্জও অনেক বাড়ে।
আনুমানিক নকশা-ডিসপ্লেসমেন্ট; লোডিং অবস্থা ও কর্মসূচির পর্যায়ভেদে ভিন্ন হতে পারে।
বিদ্যুৎশক্তি: নৌ-প্রকৌশলের নতুন মাত্রা
প্রথাগতভাবে যুদ্ধজাহাজের প্রকৌশল নির্ধারিত হতো মূলত প্রপালশন শক্তি, গতি, সহনক্ষমতা, চালনাক্ষমতা ও যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা দিয়ে। এখন জাহাজের ভেতরের বিদ্যুৎশক্তিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আধুনিক রাডার, উন্নত যোগাযোগ সরঞ্জাম, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চক্ষমতার কম্পিউটিং বিদ্যুৎ ও শীতলীকরণের অভূতপূর্ব চাহিদা তৈরি করছে।
ফলে ইন্টিগ্রেটেড ইলেকট্রিক প্রপালশন, উন্নত বিদ্যুৎ ব্যবস্থাপনা, শক্তি সংরক্ষণ ও বুদ্ধিমান যন্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার গুরুত্ব বাড়ছে। একজন নেভাল আর্কিটেক্টের দৃষ্টিতে, ভবিষ্যতের যুদ্ধজাহাজে শুধু নির্মাণের সময়কার সরঞ্জাম নয়, পরের ২৫ থেকে ৪০ বছরের সেবাকালে যে প্রযুক্তি আসতে পারে, তার জায়গাও রাখতে হবে। দীর্ঘমেয়াদি অভিযোজনক্ষমতাকে প্ল্যাটফর্ম উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ করতে হবে।
হাইব্রিড নৌবহরের উত্থান
আরেকটি বড় পরিবর্তন হলো মনুষ্যবিহীন আকাশযান, সারফেস ভেসেল ও পানির নিচের যানসহ হাইব্রিড নৌবাহিনীর দিকে ধীরে ধীরে এগোনো। সমুদ্র নজরদারি, হাইড্রোগ্রাফিক জরিপ, পানির নিচে পরিদর্শন, মাইন প্রতিরোধ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এসব প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
ফ্রান্সের এসসিএক্স ২৬ ধারণা এই দর্শনেরই প্রতিফলন। এতে দেখা হচ্ছে, ভবিষ্যতের যুদ্ধজাহাজ কীভাবে হাইব্রিড নৌবহরের সমন্বয় ও লজিস্টিক সহায়তার প্ল্যাটফর্ম হতে পারে। উন্নয়নশীল সমুদ্রনির্ভর দেশগুলোর জন্য মনুষ্যবিহীন প্রযুক্তি বহরের আকার ও জনবল সমানুপাতে না বাড়িয়েই নজরদারি ও কার্যক্রমের পরিসর বাড়ানোর সুযোগ দিতে পারে।
বাংলাদেশ নৌবাহিনী: ভবিষ্যৎ বহর নিয়ে নতুন করে ভাবার সময়
বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান সমুদ্র অর্থনীতি, আন্তর্জাতিক নৌবাণিজ্য, সমুদ্রে জ্বালানির সম্ভাবনা, সাবমেরিন কেব্ল যোগাযোগ অবকাঠামো এবং সম্প্রসারিত সমুদ্রবন্দর জাতীয় সমুদ্র নিরাপত্তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, মোংলা বন্দরসহ কৌশলগত সামুদ্রিক অবকাঠামোর উন্নয়নে নিরাপদ ও নিরবচ্ছিন্ন সমুদ্র কার্যক্রমের ওপর দেশের নির্ভরতা আরও বাড়বে।
ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তরের পথে বাংলাদেশ নৌবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবু দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক সমুদ্র নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘমেয়াদি বহর উন্নয়ন দর্শনের পুনর্মূল্যায়ন দাবি করে।
২০৪০ ও ২০৫০ সালে নিজেদের সমুদ্রস্বার্থ কার্যকর, টেকসই ও স্বাধীনভাবে রক্ষা করতে বাংলাদেশের কেমন নৌবাহিনী লাগবে?
প্রশ্নটা এই নয় যে বাংলাদেশের ১০ হাজার টনের ডেস্ট্রয়ার কেনা উচিত কি না। এর উত্তর পেতে জাতীয় সমুদ্রস্বার্থ, ভৌগোলিক বাস্তবতা, কার্যক্রমের চাহিদা, প্রযুক্তির অগ্রগতি, অর্থনৈতিক সামর্থ্য এবং দেশীয় শিল্পসক্ষমতার সামগ্রিক মূল্যায়ন দরকার।
প্রথাগত জাহাজ কেনার বাইরে
বাংলাদেশকে ধীরে ধীরে এমন ক্রয়দর্শন থেকে সরে আসতে হবে, যেখানে মূলত আলাদা আলাদা জাহাজের বৈশিষ্ট্য ও কেনার দামই প্রধান। এর বদলে দরকার সক্ষমতাভিত্তিক ও পুরো জীবনচক্রকেন্দ্রিক একটি সামগ্রিক বহর উন্নয়ন কৌশল।
একটি যুদ্ধজাহাজ তিন দশকের বেশি সময় সেবায় থাকতে পারে। কিন্তু ইলেকট্রনিক ব্যবস্থা, যোগাযোগপ্রযুক্তি, সফটওয়্যার ও স্বয়ংক্রিয় ব্যবস্থা অনেক আগেই পুরোনো হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতের ক্রয়ে জোর দিতে হবে প্রযুক্তিগত অভিযোজনক্ষমতা, আন্তঃকার্যক্ষমতা, জীবনচক্রজুড়ে সহায়তা, রক্ষণাবেক্ষণে স্বনির্ভরতা, উন্মুক্ত সিস্টেম কাঠামো এবং দীর্ঘমেয়াদি কার্যক্ষমতার ওপর।
একটি যুদ্ধজাহাজ কেনাকে ক্রয়প্রক্রিয়ার সমাপ্তি নয়, বরং দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত ও শিল্পসম্পর্কের সূচনা হিসেবে দেখা উচিত।
ভারসাম্যপূর্ণ ও টেকসই নৌবহর গড়া
বাংলাদেশকে তার ভৌগোলিক, অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতার সঙ্গে মানানসই একটি ভারসাম্যপূর্ণ নৌবহর গড়তে হবে। টেকসই ভবিষ্যৎ বহরে এমন পরিপূরক প্ল্যাটফর্ম থাকা দরকার, যেগুলো জাতীয় সমুদ্র দায়িত্বের ভিন্ন ভিন্ন দিক পূরণ করতে পারে।
| প্ল্যাটফর্মের ধরন | প্রধান ভূমিকা |
|---|---|
| বহুমুখী ফ্রিগেট | বিস্তৃত সমুদ্র অভিযান ও বহরের উপস্থিতি |
| করভেট | আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও টহল |
| অফশোর পেট্রোল ভেসেল | একান্ত অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) সুরক্ষা ও আইন প্রয়োগে সহায়তা |
| সাবমেরিন | পানির নিচের সক্ষমতা ও কৌশলগত প্রতিরোধ |
| মনুষ্যবিহীন সামুদ্রিক ব্যবস্থা | নজরদারি, পরিদর্শন ও বিশেষায়িত অভিযান |
| জরিপ ও গবেষণা জাহাজ | হাইড্রোগ্রাফি ও সমুদ্রবিষয়ক জ্ঞান |
| ফ্লিট সাপোর্ট ভেসেল | লজিস্টিকস, রক্ষণাবেক্ষণ ও টেকসই কার্যক্রম |
| অনুসন্ধান ও উদ্ধার জাহাজ | সমুদ্র নিরাপত্তা ও জরুরি সাড়া |
শুধু যুদ্ধজাহাজের সংখ্যা, আকার বা কেনার দাম দিয়ে নৌবাহিনীর আধুনিকায়ন মূল্যায়ন করা থেকে বাংলাদেশকে বিরত থাকতে হবে। কার্যক্ষম প্রাপ্যতা, প্রযুক্তিগত প্রাসঙ্গিকতা, জনবলের দক্ষতা এবং জীবনচক্রজুড়ে টেকসই থাকাও নৌসক্ষমতার সমান গুরুত্বপূর্ণ সূচক।
দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণ: জাতীয় কৌশলগত অগ্রাধিকার
টেকসই নৌ-আধুনিকায়ন দেশীয় জাহাজ নির্মাণ, প্রকৌশল ও প্রযুক্তিসক্ষমতার সঙ্গে গভীরভাবে জড়িত। খুলনা শিপইয়ার্ড, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং চিটাগাং ড্রাই ডকের মতো সরকারি শিপইয়ার্ডের মাধ্যমে বাংলাদেশ একটি ভিত্তি গড়েছে। বেসরকারি শিপইয়ার্ডগুলোও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্লাসিফিকেশন সোসাইটির তত্ত্বাবধানে বাণিজ্যিক ও বিশেষায়িত জাহাজ নির্মাণের সক্ষমতা দেখিয়েছে।
জাতীয় শিল্প-ইকোসিস্টেম গড়ে তোলা
পরের যৌক্তিক ধাপ হলো একটি পূর্ণাঙ্গ জাতীয় যুদ্ধজাহাজ নির্মাণ ইকোসিস্টেম গড়ে তোলা। এতে যোগ্য সরকারি ও বেসরকারি শিপইয়ার্ড, স্বাধীন নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারেরা একসঙ্গে কাজ করবে।
অংশগ্রহণ নির্ধারিত হওয়া উচিত শুধু মালিকানা দিয়ে নয়, বরং প্রমাণিত প্রকৌশলদক্ষতা, অবকাঠামো, আর্থিক সামর্থ্য, মান নিশ্চিতকরণ, নিরাপত্তা-মান মেনে চলা এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা দিয়ে। আন্তর্জাতিক অংশীদারত্বে ক্রমশ জোর দিতে হবে অর্থবহ প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় প্রকৌশলীদের অংশগ্রহণ, দক্ষ জনবল তৈরি এবং সরঞ্জাম ও কারিগরি সেবার ধাপে ধাপে স্থানীয়করণের ওপর।
বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত শুধু যুদ্ধজাহাজ কেনা দেশ হওয়া নয়, বরং নিজের নৌ-প্ল্যাটফর্ম নকশা, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে সক্ষম দেশ হয়ে ওঠা।
প্রস্তাবিত নৌ-উন্নয়ন রোডম্যাপ: ২০২৭–২০৫০
দীর্ঘমেয়াদি বহরের চাহিদা মূল্যায়ন, জাতীয় জাহাজ নির্মাণসক্ষমতার মানচিত্রায়ণ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও জীবনচক্র পরিকল্পনা।
দেশীয় নৌ-নকশা, জাহাজ নির্মাণ অবকাঠামো, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারত্ব জোরদার।
ডিজিটাল বহর ব্যবস্থাপনা, সমুদ্র গবেষণা ও দেশীয় রক্ষণাবেক্ষণ সক্ষমতার সম্প্রসারণ।
দেশীয় প্ল্যাটফর্ম নকশা, টেকসই শিল্প সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক মানের প্রকৌশল দক্ষতা গড়ে তোলা।
উপসংহার: আগামীর নৌবাহিনীর প্রস্তুতি আজই
প্রযুক্তি ও অর্থনীতিতে এগিয়ে থাকা দেশগুলোর ক্রয়কৌশল বাংলাদেশের অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। বরং এসব উন্নয়নের পেছনের প্রকৌশল, শিল্প ও কৌশলগত দর্শন বুঝে নিজের বাস্তবতায় তা খাপ খাইয়ে নিতে হবে।
মানবসম্পদ, প্রকৌশল গবেষণা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতায় বিনিয়োগ শেষ পর্যন্ত আলাদা আলাদা ব্যয়বহুল যুদ্ধজাহাজ কেনার চেয়ে বেশি দীর্ঘমেয়াদি কৌশলগত সুফল দিতে পারে। প্রযুক্তিতে সক্ষম, অর্থনৈতিকভাবে টেকসই এবং ক্রমশ স্বনির্ভর নৌবাহিনীই হওয়া উচিত বাংলাদেশের সমুদ্র প্রতিরক্ষা উন্নয়ন কৌশলের চূড়ান্ত লক্ষ্য।
মো. শামসুল আলম
নেভাল আর্কিটেক্ট ও সম্পাদক, মেরিটাইম নিউজ বিডি
সম্পাদকীয় নোট: রোডম্যাপটি একটি প্রস্তাবিত রূপকল্প, নৌবাহিনী বা সরকারের আনুষ্ঠানিক নীতি নয়। আন্তর্জাতিক কর্মসূচির ডিসপ্লেসমেন্ট বা ওজনের হিসাব আনুমানিক নকশা-মান; লোডিং অবস্থা ও কর্মসূচির পর্যায়ভেদে তা ভিন্ন হতে পারে।










